শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:১৩,২৯ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে ১০ বছরের শিশু ধর্ষণ, আসামির যাবজ্জীবন সাজা
নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথির তথ্যানুযায়ী, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায় নিজ বাড়িতে ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে পরের বছরের ১২ মার্চ মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।