শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:১৭,২৯ সেপ্টেম্বর ২০২৬
অভিযুক্তদের কাছ থেকে কটি, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে নিজেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটির মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুরের মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। বর্তমানে তারা রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশ মেঘনা টোল প্লাজার কাছে চেকপোস্ট বসায়। তল্লাশির সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ‘RAB’ লেখা ৪টি কালো কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ৯০টি প্লাস্টিক ওয়ার টাই, ১টি ভুয়া র্যাব পরিচয়পত্র, ১টি মোটরসাইকেল ও ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।