শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে ৯ দিন পর আবার দেখা মিলল কুমিরের

প্রকাশ:১৯:৪৪,২৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ৯ দিন পর আবার দেখা মিলল কুমিরের

আতঙ্ক ছড়ানো কুমিরটি দীর্ঘ ৯ দিন পর ফের দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লোকালয়ে আতঙ্ক ছড়ানো কুমিরটি দীর্ঘ ৯ দিন পর ফের দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরের পর সাবদী এলাকার ব্রহ্মপুত্র নদে কুমিরটির দেখা মেলে। নতুন করে এ খবর ছড়িয়ে পড়ায় নদী তীরবর্তী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। তবে প্রশাসন এখনও কুমিরটির নির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারেনি।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের ধারণা, লোকালয় থেকে সরে গিয়ে কুমিরটি বর্তমানে সাবদী নদে অবস্থান করছে। এক স্থানীয় বাসিন্দা দুপুরে ইউএনওকে একটি ভিডিও পাঠালেও সেটিতে স্পষ্ট উপস্থিতি পাওয়া যায়নি।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী কুমিরটি সাব্দী নদে সরে গেছে বলে খবর পেয়েছেন। ঢাকার বন্যপ্রাণী ইউনিট, বন বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে নির্দিষ্ট সীমারেখা না পাওয়ায় দুই-তিনটি উদ্ধার অভিযান চালিয়েও সফল হওয়া যায়নি। এবার সুনির্দিষ্ট স্থানে অবস্থান নিশ্চিত হওয়া গেলে সেটিকে দ্রুত উদ্ধার করা হবে।

 

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে বন্দরের তিনগাঁও এলাকায় একটি পুকুরে প্রথম কুমিরটি দেখা যায়। পরবর্তীতে লোকালয় অতিক্রম করে অন্য একটি কচুরিপানাপূর্ণ পুকুরে অবস্থান নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বন ও প্রাণিসম্পদ বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরটির উপস্থিতি নিশ্চিত করলেও স্থান চিহ্নিত না হওয়ায় সেটিকে ধরা সম্ভব হয়নি।

কুমিরের উপস্থিতির খবরে স্থানীয়দের নিরাপত্তার পাশাপাশি উৎসুক জনতার ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মাইকিং ও গণবিজ্ঞপ্তি জারি করে সতর্কতা প্রচার করা হচ্ছে। অভিভাবক ছাড়া শিশুদের পুকুরে না নামাতে, গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত করতে এবং কুমিরটির ক্ষতি না করে তথ্য পেলেই প্রশাসনকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন