শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৩৩,৩০ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনহীন বিদেশি কসমেটিকস বিক্রির দায়ে নারায়ণগঞ্জের টপটেন মার্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় নারায়ণগঞ্জের ‘টপটেন মার্টকে’ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। অভিযানে সংস্থাটি টপটেন মার্টের শ্যাম্পু, স্কিন ক্রিম ও বেবি লোশনসহ বিভিন্ন প্রসাধনী পণ্য পরীক্ষা করে। এসব বিদেশি পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও এলসি নম্বর সম্বলিত বাধ্যতামূলক স্টিকার বা ট্যাগ ছিল না। এছাড়া বিএসটিআই থেকেও কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। নিয়ম ভেঙে এসব পণ্য বিক্রি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড দেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির টেক্সটাইল সেকশনের লাইসেন্সের মেয়াদ ২০২৪ সালে শেষ হলেও তা নবায়ন করা হয়নি। তাগাদা দেওয়ার পরও নবায়নের আবেদন না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করেন।
অভিযানে বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সংস্থাটির নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মাকসুদা রুনা। এ সময় সহকারী পরিচালক (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক মো. শাহজাহান সার্বিক সহযোগিতা করেন।