শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:২৬,৩০ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
বুধবার সকালে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পকেটে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। পরে নিহতের ছোট বোন মিলি আক্তার ঘটনাস্থলে এসে ভাইয়ের লাশ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, হাবিবুল্লাহ মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।