শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:২০,৩০ সেপ্টেম্বর ২০২৬
ফতুল্লায় পৃথক অভিযানে ৬৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
ফতুল্লায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৬৬০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে ফতুল্লা মডেল থানা পুলিশের দুটি পৃথক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন ফতুল্লার কুতুবপুর দাপা মসজিদ এলাকার রিপন গাজীর মেয়ে সোনিয়া এবং চাঁদপুর সদরের সাকুয়া এলাকার আলমাছ মোল্লার ছেলে মো. মানিক ওরফে নয়ন। নয়ন বর্তমানে ফতুল্লার শান্তিধারা সাইনবোর্ড এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এসআই মিলন ফকিরের নেতৃত্বে একটি দল সোনিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন সকাল পৌনে ১১টার দিকে এসআই মো. খালেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের অন্য একটি দল দ্বিতীয় অভিযানটি চালায়। ফতুল্লার শান্তিধারা সাইনবোর্ড এলাকার ৬ নম্বর রোডে মিজানুর রহমান খোকনের বাড়ির সামনের সড়ক থেকে মানিক ওরফে নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।