শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:৩৫,১ অক্টোবর ২০২৬
গুজব হিন্দু-মুসলমান দু’জনকেই উস্কে দেয়: তারিকুল সুজন
সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের অনাকাঙ্ক্ষিত গুজব হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকেই উসকে দেয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। বুধবার দুপুরে দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
তারিকুল ইসলাম বলেন, অতীতে পূজামণ্ডপে হামলার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা দেখা গেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সংবেদনশীল ছবি ও ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অনলাইনে এসব গুজব ছড়ানো বন্ধে পুলিশ ও প্রশাসনকে একটি কার্যকর নির্দেশনা দেওয়ার জোর দাবি জানান তিনি।
পূজাকেন্দ্রিক যানজট নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে এই নেতা বলেন, শহরজুড়ে অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হকাররা ফুটপাত ও সড়ক দখল করে রাখছে এবং প্রাইভেট কারও রাস্তা দখল করে রাখা হচ্ছে। শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় রাস্তার পাশে রাখা পণ্যসামগ্রী দ্রুত সরানো এবং খুব ভোরে বর্জ্য অপসারণ নিশ্চিত করার জন্য জোর দাবি উত্থাপন করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নারীদের নিরাপত্তা জোরদারের জন্য তিনি প্রশাসনের পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজামণ্ডপে একটি করে তথ্যকেন্দ্র স্থাপনের পরামর্শ দেন তিনি।