শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:৫৫,১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কে নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জমায়েত হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে সকাল ৮টা থেকেই মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে পরশুরামে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজ উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে। এরপর তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। একই সঙ্গে ফুলগাজী জেলা পরিষদের ডাকবাংলোর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদ ও মন্দিরের ধর্মীয় ব্যক্তিত্বদের বিশেষ সম্মানী প্রদান করা হবে।