শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ শুরু

প্রকাশ:১৯:২২,২৯ অক্টোবর ২০২৬

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ শুরু

.

ফতুল্লায় দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা নিরসনে খাল ও ড্রেন পরিষ্কার, খনন এবং পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। শিয়াচর তক্কার মাঠ থেকে পিলকুনি এলাকা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে বছরের পর বছর ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিয়াচর তক্কার মাঠ, পিলকুনি, লালপুরসহ আশপাশের সড়কগুলোতে প্রায় পুরো বছরই জলাবদ্ধতা লেগে থাকে। পর্যাপ্ত ও সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে কিংবা সামান্য বৃষ্টিতেই সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়, যা স্থানীয় যান চলাচল ও পথচারীদের স্বাভাবিক যাতায়াত পুরোপুরি ব্যাহত করে।

জনদুর্ভোগ কমাতে এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে শুরু হওয়া এই কার্যক্রমে খালের বর্জ্য অপসারণ ও ড্রেন খননের ওপর জোর দেওয়া হচ্ছে। কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে এই বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করছেন সুধী সমাজ ও বাসিন্দারা।

তবে কেবল সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, দীর্ঘমেয়াদী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পেতে হলে খাল ও ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। একই সঙ্গে পানি চলাচলে যেসব অবৈধ দখল বা বাধা রয়েছে, তা চিহ্নিত করে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন