শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশ:২১:২২,২৯ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম

.

রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে হামলার শিকার হয়েছেন মোবারক হোসেন মোল্লা (৪৫) নামে স্থানীয় এক যুবদল নেতা ও ব্যবসায়ী। ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করে।

গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন মোল্লা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং ইউপি সদস্য শফি উদ্দিন মোল্লার ছেলে। নিজস্ব বালুর গদি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুতিয়াব এলাকার বকুলের বাড়ির পাশে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

পুলিশ ও দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, ২০ থেকে ২২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আগে থেকেই সেখানে অবস্থান করছিল। মোবারক হোসেন ঘটনাস্থলে পৌঁছালে রামদা, চাপাতি, লোহার রড ও হকিস্টিক নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। এতে তাঁর মাথা, হাত-পা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার বিচার চেয়ে আহত যুবদল নেতার বাবা শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে গুতিয়াব এলাকার সবুজ মিয়া, কাইয়ুম মিয়া, ফাহিম মিয়াসহ নামীয় ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন