শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:০৯:৩৭,৩১ অক্টোবর ২০২৬
.
সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস্) নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঢাকা-কক্সবাজার মহাসড়কের ওই চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া বাসে তল্লাশির সময় মোছাঃ ফাতেমা (৪৫) ও মোছাঃ খালেদা (৩৩) নামের দুই নারীর আচরণে সন্দেহ হয়। পরে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের শরীর তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত উভয় নারীর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানায়।
এর ঠিক এক ঘণ্টা পর, ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশি চালিয়ে আয়াছ (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ। টেকনাফ থানার নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা আয়াছ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পেটে ইয়াবা লুকানোর কথা স্বীকার করেন। পরবর্তীতে তার পায়ুপথ থেকে ১০টি প্যাকেটে থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।