শনিবার ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:২২:২৪,৬ নভেম্বর ২০২৬
.
মাদক, ইভটিজিং, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
তিনি বলেন, মাদক বর্তমানে আমাদের রাষ্ট্রের অন্যতম প্রধান সমস্যা। শুধু নির্দিষ্ট কোনো এলাকা নয়, সারাদেশেই মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লার মুসলিমনগর উত্তরপাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে পানির ট্যাংকি মাঠে আয়োজিত ‘চাইনিজ বার টিভি কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। সারাদেশে খেলাধুলার প্রসার এবং ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। আজ যারা স্থানীয় পর্যায়ে খেলছে, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেতে পারে। নিজেদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে তারা এলাকার পরিচিতি ও সম্মান বাড়াতে পারে।
তিনি আরও বলেন, একজন খেলোয়াড়ের মনোযোগ থাকে খেলাধুলা ও নিজের দক্ষতা বিকাশের দিকে। ফলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে সরকার ও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত উদ্যোগই পারে সমাজ থেকে এসব অপরাধ দূর করতে।
ফতুল্লা মিনি গার্মেন্টস মালিক সমিতির সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ এবং এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী ও আমিনুল ইসলাম লিটন।
টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।