শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৭:৪১,৬ নভেম্বর ২০২৬
.
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাষাঢ়ায় অবস্থিত সাধু পৌলের গির্জার প্লাটিনাম জুবিলি বা ৭৫ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) গির্জা প্রাঙ্গণে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। ১৯৫১ সালে ফাদার পল শ্যে (সি.এস.সি) ঐতিহ্যবাহী এই গির্জাটি প্রতিষ্ঠা করেছিলেন।
সকাল ১০টায় গির্জা প্রাঙ্গণে ধর্মীয় আবহে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা ও পৌরোহিত্য করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের প্রধান আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ (ও.এম.আই)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডল এবং যীশুর হৃদয় সংঘের প্রদেশপাল ফাদার জর্জ কমল রোজারিও (সি.এস.সি)। তবে অন্য একটি সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই গির্জা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের খ্রিস্টধর্মাবলম্বীদের ঢল নামে। ভক্তদের সরব উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং গির্জার ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে ঘণ্টাব্যাপী বিশেষ ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাঙালি ও আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ গান ও নৃত্য।
উৎসবের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জ সাধু পৌলের গির্জার পাল পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।