শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে ৩ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

প্রকাশ:১৮:৩৬,৩১ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৩ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

.

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে আয়োজিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

স্থানীয় শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নোবেল মীরের সভাপতিত্ব ও ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, সুচিকিৎসা নিশ্চিত করা ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে যুবদল সর্বদা সচেষ্ট রয়েছে। দেশ ও জনগণের কল্যাণে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজক ও সভাপতির বক্তব্যে নোবেল মীর বলেন, শম্ভুপুরা এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য নদী পার হয়ে ঢাকা বা নারায়ণগঞ্জে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। সেই দুর্ভোগের কথা বিবেচনা করেই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে এই চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও তিনি শম্ভুপুরা ইউনিয়নবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. রাসেল ভূঁইয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, প্রফেসর ড. জাহাঙ্গীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, রাকিব হাসান, সোহেল রানা, ইমরান ফারুক এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গ্রামের মধ্যে বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন