মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৪৯,৩ নভেম্বর ২০২৬
.
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার দুই আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম-এর নির্দেশনা এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার ২ জন, সন্ত্রাসবিরোধী মামলার ৩ জন, চুরি মামলার ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং ৫ জন মাদকসেবী রয়েছেন।
বৈষম্যবিরোধী মামলার আসামিরা হলেন সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ফাহিম প্রধান (২৫) এবং সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মোল্লা (৬৫)। এছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় হযরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) এবং ঢাকার যাত্রাবাড়ী থানার ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত মো. ইসমাইল হোসেন সিরাজীসহ (৩৮) মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মেঘনাঘাট, তাতুয়াকান্দি ও ফ্রেশ কোম্পানি এলাকা থেকে মো. করিম সাহা, মিহাদুল, মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইম নামে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পাশাপাশি চুরি মামলার অভিযোগে পটুয়াখালীর মফিজুল গাজী এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।