মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩

ছবি ভিডিও দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৯:৪২,৩ নভেম্বর ২০২৬

ছবি ভিডিও দেখে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা

.

দুইদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধে সাধারণ শ্রমিকদের সাথে উস্কানিদাতারা রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, উস্কানিদাতাদের ভিডিও ছবি ও বিস্তারিত আছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। জালকুঁড়ি এলাকায় গার্মেন্টস শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের সাথে তিনি এসব কথা বলেন।

এসপি মাহমুদ আরও বলেন, নারায়ণগঞ্জের শিল্প অঞ্চলের শ্রমিকরা ভদ্র এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে কারনে নারায়ণগঞ্জে কোন ধরনের সহিংসতা তাদের মাঝে দেখি নাই। তিনি জানান, আজ দুপুর পর্যন্ত আমাদের কাছে মেসেজ ছিলো কোন কোন গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নামবে। আমি, জেলা প্রশাসক, পুলিশ সুপার গিয়ে তাদের বুঝিয়েছি। তারা আমাদের আশস্ত করেছে তারা কোন সহিংস আন্দোলনে নামবে না। দুপুরের পর দেখলাম, কিছু উস্কানিদাতা অন্য ফ্যাক্টরীর শ্রমিকদের রাস্তায় নামায়। প্রায় ১০ হাজারের মতো শ্রমিক তারা বিভিন্ন জায়গা থেকে এনে একত্রিত করে। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম, ইন্ধনদাতা ও সাধারণ শ্রমিকদের আলাদা করা। সাধারণ কোন শ্রমিক আহত হয় আমরা তা চাই না। একপর্যায়ে আমরা তাদের সাথে কথা বলি। তাদের জানাই, মজুরিবোর্ড গঠন হয়েছে। যখন বেতন নির্ধারণ হবে তখন তারা তা পেয়ে যাবে। সাধারণ শ্রমিকরা বুঝেছে। আমরা ঘোষণা করি, যারা সাধারণ শ্রমিক তারা চলে যান। তারা চলে যাবার পর ৪ থেকে ৫ হাজার শ্রমিক ব্যারিকেড ভেঙ্গে সামনে এগিয়ে যেতে চেষ্টা করি। আমরা তখন বুঝতে পারি তারা কোন সাধারণ শ্রমিক না।
এরপর আমরা ফোর্স এপ্লাই করতে বাধ্য হই। আমরা শতাধিক সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করি। তাদের ইটপাটকেলে পুলিশের ১০/ ১২ জন সদস্য আহত হয়েছে। আটক আছে ৪/৫ জন।
যারা শ্রমিকদের উস্কানি দিচ্ছে  প্রত্যেকের ভিডিও ও ছবি আমাদের কাছে আছে। আজও যারা উস্কানি দিয়েছে তাদের বিস্তারিত আছে। আমরা এরপর আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
প্রসঙ্গত, ২ নভেম্বর দুপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করলেও পরে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়। আজ ৩ নভেম্বর বেলা ৩ টার দিকে তারা শিবু মার্কেট এলাকায় জড়ো হয়ে পরে লিংক রোড অবরোধ করে। বিকেলে জালকুঁড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। এ ঘটনায় পুলিশ, শ্রমিক, সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন