শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১০:১৭,৫ নভেম্বর ২০২৬
.
রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট সড়কে দুবাইফেরত দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রবাসীদের বহনকারী প্রাইভেট কারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনাসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।
বুধবার ভোররাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।
ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেট কারে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভোররাত তিনটার দিকে গাড়িটি ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন কৌশলে আরেকটি প্রাইভেট কার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করেন।
জামাল হোসেন আরও জানান, গাড়ি থামানোর পরই কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। এ সময় দুবাই থেকে আনা ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতেরা। পরে তাঁদের হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে ঢাকা-বাইপাস সড়কের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
ঘটনার পর চালক শাহীন নিজেকে রক্ষা করতে কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় লুট হওয়া মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে চালক শাহীন, তাঁর ভাই সোহেল ও আইয়ুবকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুনুর রশিদ জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।