শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩

তিন দিনের বিক্ষোভের পর কাজে ফিরেছেন শ্রমিকেরা

প্রকাশ:১৩:০০,৫ নভেম্বর ২০২৬

তিন দিনের বিক্ষোভের পর কাজে ফিরেছেন শ্রমিকেরা

.

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তিন দিন বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। বর্তমানে ঢাকা-মুন্সীগঞ্জ ও ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ফতুল্লার শিবু মার্কেট ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী এলাকায় ঘুরে সব ধরনের কর্মকাণ্ড স্বাভাবিক দেখা গেছে। এর আগের তিন দিন এসব এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ ফেলে আন্দোলনে নেমেছিলেন।

তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ফতুল্লার কাঠেরপুল ও শিবু মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিবু মার্কেট থেকে আশপাশের সড়কগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

অন্যদিকে ফতুল্লার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতি এবং নিরাপত্তা তৎপরতা দেখা গেছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন