বুধবার ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ:১৯:১১,৪ নভেম্বর ২০২৬
.
সোনারগাঁয়ে হাসান আলী (৪০) নামের এক গাড়ি চালকের ফ্ল্যাটে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮/১০ জনের ডাকাত দল বাড়ির সিড়ি কোটার গেইট কেটে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি রুপা, ৫ আনা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ ২ লক্ষাধিক টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত (৪ নভেম্বর) রাতে জৈনপুর গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে ভুক্তভোগী হাসান আলী পেশায় একজন বাস চালক। তিনি জানান, কয়েকদিন আগে জৈনপুর (মোড়) গ্রামের ফারুক মিয়ার বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে আসেন। মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে বাড়ির সিড়ি কোটার গেইটের তালা কেটে হাসান আলীর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা তার ৩ বছরের শিশু কন্যার গলায় ধারালো চাপাতি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে হাসান আলীকে বেঁধে ফেলে মুখোশধারী ডাকাত দলের ৩ সদস্য। তাদের কাছে চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল। পরে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন, ১৬ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে চলে গেলে হাসান আলীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে যায়। ভুক্তভোগী জানান, তিনি থানায় যাননি। সকালে (৪ নভেম্বর) থানায় কল দিয়েছিলেন। পুলিশ তাকে শ্রমিক অসন্তোষ নিয়ে ব্যস্ততার কথা জানিয়েছে।
এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আঃ বারিক জানান, ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে চোর ডাকাত মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেপ্তারে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ।