রোববার   ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১২৭ জন গ্রেপ্তার

প্রকাশ:১১:১৫,১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১২৭ জন গ্রেপ্তার

.

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ অভিযানে মোট ৩৬৩ পিস ইয়াবা এবং ০.৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৯৪ জন মাদকসেবী, চারজন ডাকাত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ জন এবং অন্যান্য ধারার তিনজন আসামিকেও আটক করা হয়েছে।

থানাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফতুল্লা মডেল থানায় সর্বাধিক ৬৪ জন, সোনারগাঁ থানায় ২৬ জন, বন্দর থানায় ১১ জন, রূপগঞ্জ থানায় ১১ জন, সিদ্ধিরগঞ্জ থানায় সাতজন এবং নারায়ণগঞ্জ সদর থানায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ফতুল্লায় ১২২ পিস ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি সোনারগাঁয়ে ২১১ পিস ইয়াবাসহ দুজন এবং সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন করে মোট চারজন সদস্যকে আটক করে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামগ্রিক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন