রোববার ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:৩৭,১ নভেম্বর ২০২৬
.
নিরাপদ ও সুন্দর জীবন গঠনে সময়ের সঠিক ও পরিকল্পিত ব্যবহার, নৈতিক-মানবিক মূল্যবোধের চর্চা এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে সরে এসে পাঠচক্রে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার তল্লায় অবস্থিত সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এনজিএ স্টাডি সার্কেল সাধারণ পাঠাগার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে মোহাম্মদ হাতেম বলেন, সমাজ ও নগরীর সামগ্রিক বিকাশে পারস্পরিক সহমর্মিতা বাড়াতে হবে। এছাড়া নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এনজিএ এই স্টাডি সার্কেল চালু করেছে বলে উল্লেখ করেন তিনি।
সংগঠনটির সভাপতি কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘নিরাপদ ও সুন্দর জীবনের জন্য সময় ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সাধারণ পাঠাগারের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. দিদারুল ইসলাম। পরে প্রধান অতিথি কেক কেটে নতুন এই স্টাডি সার্কেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চৌধুরী মাহবুব রহমানের সঞ্চালনায় এবং মুফতি ওমর ফারুকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, এনজিএর উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা এবং সাধারণ পাঠাগারের উপদেষ্টা শমশের আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এনজিএর সাধারণ সম্পাদক মঈন আহসান, সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক রবীন আহমেদ, অধ্যাপক আফরোজা সুলতানা রুমি, সাজ্জাদ হাসাইন কিশোর ও হাসিন রায়হান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাশীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবদ্দিনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ এবং সবার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।