রোববার ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:৪৭,১ নভেম্বর ২০২৬
.
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে কুখ্যাত একটি ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুই লাখ চার হাজার দুইশ চল্লিশ টাকার সমমূল্যের চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদক, অস্ত্র ও ডাকাত-ছিনতাইকারী ধরতে জেলাব্যাপী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাত সাড়ে দশটায় সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শকের নির্দেশনায় এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকশ দল হাতেনাতে চার ছিনতাইকারীকে আটক করে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি ইসিজি মনিটর এবং লিফটের বিভিন্ন যন্ত্রপাতি, যার মোট মূল্য দুই লাখ চার হাজার দুইশ চল্লিশ টাকা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারীর মৌচাক লতা স্টোর এলাকার মো. আউয়াল লতিফের ছেলে রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার জগতচর এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার বাসিন্দা মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জ মিজমিজি চৌধুরীপাড়া এলাকার মৃত রতন চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস (৩০) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মোবারক হোসেনের ছেলে মাসুম (২৯)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।