রোববার ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৪৫,১ নভেম্বর ২০২৬
.
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই কর্মসূচিগুলো পালিত হয়। সকালে আয়োজিত র্যালি ও দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধন ও র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেন।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রার পেছনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতেও এর একটি ইতিবাচক ও সুদূরপ্রসারী অবদান রাখা সম্ভব হবে।