রোববার ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:১১,১ নভেম্বর ২০২৬
.
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা ও দুর্গন্ধ নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হয়। এখন থেকে 'প্রিজম' নামক একটি সংস্থা ও তারাবো পৌরসভার মাধ্যমে প্রতিদিন হাসপাতালের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
সরেজমিন দেখা যায়, নির্দিষ্ট বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে হাসপাতালের পেছনে ময়লার স্তূপ জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হতো এবং হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল।
চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বলেন, আগে দুর্গন্ধের কারণে হাসপাতালে থাকা কষ্টকর ছিল। এখন ময়লা অপসারণ শুরু হওয়ায় স্বস্তি মিলছে। হাসপাতালটি নিয়মিত পরিষ্কার রাখার দাবি জানান তিনি। পরিচ্ছন্নতাকর্মী রহিম জানান, সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় এতদিন বর্জ্য সরাতে সমস্যা হতো। এখন নিয়মিত অপসারণ শুরু হলে পরিবেশ ভালো রাখা সহজ হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে স্থায়ী কোনো বর্জ্য অপসারণ ব্যবস্থা ছিল না। প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হওয়ায় হাসপাতালটি পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, প্রিজম সংস্থা ও তারাবো পৌরসভার মাধ্যমে প্রতিদিনের বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, কেবল অপসারণ নয়, প্রতিদিনের বর্জ্য নিরাপদ ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে।