রোববার   ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩

প্রযুক্তি ও ভাষা শিক্ষার ওপর গুরত্ব এমপি কালামের

প্রকাশ:১৮:০৮,১ নভেম্বর ২০২৬

প্রযুক্তি ও ভাষা শিক্ষার ওপর গুরত্ব এমপি কালামের

.

দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দক্ষ, কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি ভাষাগত দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি কালাম আরও বলেন, শুধু যুবসমাজ একা নয়, দেশ গঠনের এই গুরুদায়িত্ব পালনে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এর অংশ হিসেবে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে, যা দূর করা জরুরি। মানুষের উপযুক্ত দক্ষতা থাকলে সে যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। বেকার ও কর্মহীন যুবসমাজকে বিভিন্নমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসার। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন