শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

প্রযুক্তির পালাবদল

- কামাল সিদ্দিকী

প্রকাশ:১৭:১৯,২ অক্টোবর ২০২৬

প্রযুক্তির পালাবদল

প্রযুক্তির পালাবদল

প্রযুক্তির কারণে হারিয়ে গেছে
কতশত ঐতিহ্য—
মাটির কলস,
বাসন-কোসন,
মাটির হাঁড়ি, বাটি, বদনা,
লোটা-ঘটি।
কুপি, শৈলতা, হ্যারিকেন,
হেজাক বাতি।
পালের নৌকা, গুনটানা,
গরুর গাড়ি,
হালের লাঙল, মই।
সিঁকা, পাটের শাড়ি, লুঙ্গি,
পাটের বস্তা, পাটের থলে,
তালের পাখা, ডোঙা,
টোপর, মাথাল—
আরও কত কী!
হারিয়ে গেছে
প্রেম নিবেদনের স্মারক রুমাল,
গুণবতী কনের সেলাই করা
সুঁই-সুতার বর্ণিল ছবি।
কুশি-কাঁটার গেঞ্জি,
টুপি, সোয়েটার,
নকশিকাঁথার বাহারি বুনোন,
বকুল ফুলের মালাবদল।
হারিয়ে গেছে
খড়ম, জলচকি, কাঠের পিঁড়ি,
বেতের ঝুড়ি, কুলা,
মরিচ বাটা শিল-নোড়া।
নানা পিঠার প্রচলনও আজ
যেন যাদুঘরেও অনুপস্থিত।
আধুনিকতার ছোঁয়া
কেড়ে নিয়েছে
বাঁশের কঞ্চির কলম,
কালির দোয়াত।
ঝর্ণা কলম—
উইনসন, পাইলট,
মার্কার, হোয়াইট ফেদার—
আজ স্বপ্নের উপকরণ।
শ্লেট-পেন্সিলসহ
অসংখ্য দেশীয় ব্যবহৃত উপকরণ
সব হারিয়ে আমরা আজ
উত্তরাধুনিক মানুষ—
যান্ত্রিক সমাজের অধিবাসী।
মোবাইল ফোন
কেড়ে নিয়েছে আমার গল্প বলার সাথি,
কাগজের পৃষ্ঠা উল্টানোর
খসখস শব্দ।
কেড়ে নিয়েছে
নিঃসঙ্গ প্রহরের চাঁদনি রাত,
নির্মল আকাশ,
ঢেউতোলা নদীর রূপালী দৃশ্য।
কেড়ে নিয়েছে
বন্ধুমহলের নির্মল আড্ডা।
কেড়ে নিয়েছে নারীর সম্ভ্রম,
মান-ইজ্জত,
সত্য-সফেদ মন।
শিশুর ঘুম কেড়েছে,
চাঁদের বুড়ির গল্প কেড়েছে।
কেড়ে নিয়েছে
মাতৃস্নেহের প্রহর।
মোবাইল কেড়ে নিয়েছে
স্বামীর সোহাগ, ভালোবাসা,
নিঝুম রাতে একত্রে
তারা গোনার মধুময় ক্ষণ।
এখন শুধুই—
আনুষ্ঠানিক ভাববিনিময়,
হাই-হ্যালো,
কৃত্রিম হাসি।
মানুষ আছে,
সম্পর্ক আছে,
কথাও আছে—
শুধু নেই
সেই আগের মতো
হৃদয়ের কাছে হৃদয়।
বিজ্ঞান, তোমাকে সালাম—
আমার আবেগ গৃহে
শুধু তোমার প্রবেশ অধিকার।
এখন
সময়ের অপেক্ষা মাত্র।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন