শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৪:২৪,১৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় সন্তান দত্তক নিলেন মিলি ববি ব্রাউন
‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউনের পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন এই অভিনেত্রী। স্বামী জেক বনজোভির সঙ্গে যৌথভাবে একটি পুত্রসন্তানকে দত্তক নেওয়ার মাধ্যমে নিজেদের পরিবারকে চার সদস্যে রূপ দিলেন তারা।
গতকাল ১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এ সুখবর জানান মিলি। নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ ছবিতে তার আঙুলে ‘মম’ (Mom) খোদাই করা একটি বিশেষ আংটিও দেখা যায়।
মিলি ও জেক দম্পতির প্রথম সন্তানও দত্তক নেওয়া। ২০২৫ সালের আগস্টে তারা একটি কন্যাসন্তানকে নিজেদের পরিবারে প্রথম স্বাগত জানান। ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই জুটি। পারিবারিক জীবনের বিশেষ বিশেষ কিছু মুহূর্তই কেবল তারা অনুরাগী ও সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন। ফলে নতুন এই সদস্যের আগমনের খবর পাওয়া মাত্রই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে মিলি ও জেকের প্রেমের সম্পর্কের সূচনা হলেও ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। বিয়ের পর থেকেই নিজেদের সম্পর্ক ও ব্যক্তিজীবনকে যথেষ্ট আড়ালে রেখে চলছেন তারা। চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-এ মিলি জানান, সমাজকর্মী হওয়ার লক্ষ্যে পড়াশোনা করার সময় দত্তক গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পর্কে গভীরভাবে জানেন তিনি। সেখান থেকেই ভবিষ্যতে একাধিক সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা গড়ে ওঠে তার।
নেটফ্লিক্সের বিশ্বসাড়া জাগানো সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ‘ইলেভেন’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক খ্যাতি পান মিলি ববি ব্রাউন। পরবর্তীতে ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজিসহ একাধিক সফল চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন। তাকে সর্বশেষ দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।