শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:০৩,১০ অক্টোবর ২০২৬
.
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের একটি ছবি কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ছবিটি পোস্ট করেছেন মডেল, অভিনেত্রী ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা মেঘনা আলম। ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা জানতে চেয়েছেন।
মেঘনা আলমের পোস্ট করা ছবিতে দেখা যায়, সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে রয়েছে প্রভোস্ট অ্যাওয়ার্ডের একটি ক্রেস্ট। সেই নামফলকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বড় করে লেখা রয়েছে।
ছবিটির ক্যাপশনে মেঘনা আলম লেখেন, “কে এটা? মতলব কি? রিয়াল নাকি এ আই??” ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নাকি বাস্তব, সে বিষয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন। তবে এই প্রশ্ন করার নির্দিষ্ট কারণ তাঁর পোস্ট থেকে পরিষ্কার হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের পর নানা আলোচনা ও মন্তব্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে দাবি করছেন, সারজিস আলম আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনার অনুরাগী ছিলেন।
ছবিটি নিয়ে প্রশ্ন তোলা মেঘনা আলম একজন মডেল ও অভিনেত্রী। পাশাপাশি তিনি মৎস্যজীবী দলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং রাজনৈতিক আলোচনা ও টকশোতে নিয়মিত অংশ নেন।
অন্যদিকে, সারজিস আলম ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্বে আছেন।