শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ইলিশ শিকার বন্ধের প্রভাবে মাছের দামে চরম উত্তাপ, চড়া পোল্ট্রি ও সবজি বাজার

প্রকাশ:১৮:৪১,৯ অক্টোবর ২০২৬

ইলিশ শিকার বন্ধের প্রভাবে মাছের দামে চরম উত্তাপ, চড়া পোল্ট্রি ও সবজি বাজার

.

সরবরাহ সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে বাজারে মাছ, মুরগি ও সবজির দামে চরম অস্বস্তিতে ক্রেতারা।

ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় সাগর ও নদীতে জেলেদের আনাগোনা কমে গেছে। এর ফলে ইলিশের পাশাপাশি অন্য সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে বাজারে। ফলে চাষের ও দেশি মাছের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। জোগান সংকটের অজুহাতে মাছের দাম নতুন করে আরেক দফা বেড়েছে।

বাজারে চাষের রুই ও কাতলা মাছের দাম কেজিপ্রতি অন্তত ৫০ টাকা বেড়েছে। অন্যদিকে নদ-নদীর মাছের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মাছ আহরণ ও পরিবহনে খরচ বেড়েছে। এর প্রভাব পড়েছে সরাসরি পাইকারি ও খুচরা বাজারে।

পোল্ট্রি বাজারেও কোনো স্বস্তি নেই। দেশি মুরগির দাম সামান্য কমলেও এখনো অধিকাংশ মানুষের নাগালের বাইরে রয়েছে। বাজারে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। তাই নিম্নআয়ের মানুষ বাধ্য হয়ে ব্রয়লার মুরগি কিনছেন। বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং সোনালি জাতের মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোল্ট্রি ফিডের মূল্যবৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা।

গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। তবে খাসির মাংসের দাম কেজিতে ১০০ টাকা কমে ১ হাজার ২০০ টাকায় নেমেছে।

ডিমের বাজারে চড়া দাম এখনো অব্যাহত আছে। রাজধানীর বড় বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার খুচরা দোকানে একই ডিম আরও ৫ থেকে ১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম কমেনি। উল্টো ফুলকপি ও করলার মতো কিছু সবজির দাম আরও বেড়েছে। শিম, টমেটো, ধনেপাতা ও লেবু বিক্রি হচ্ছে চড়া দামে। ব্যবসায়ীরা বলছেন, পূর্ণ মৌসুমে সরবরাহ বাড়লে দাম কমতে পারে। তবে চাষিরা জানান, উৎপাদন খরচ বাড়লেও তারা বাড়তি কোনো লাভ পাচ্ছেন না।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন