শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:৩৫,২৩ অক্টোবর ২০২৬
.
শারদীয় পূজার ছুটি শেষ হলেও রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতার উপস্থিতি এখনও বেশ কম। সরবরাহ বাড়ায় আগাম শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আসেনি। বাজারে একমাত্র পেঁপে ছাড়া শিম, গোল বেগুন, গাজর ও শসা এখনো কেজিপ্রতি ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্য প্রায় সব ধরনের সবজি কিনতে ক্রেতাদের দিতে হচ্ছে অন্তত ৬০ টাকা।
কেনাবেচা কম থাকার কথা জানিয়েছেন মাছ বিক্রেতারাও। তাদের দাবি, পূজার ছুটির কারণে বাজারে বিক্রি আগের তুলনায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। তবে বেচাকেনা কমলেও মাছের দাম কমেনি। নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় নদীর মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে পরিবহন খরচ বাড়ায় চাষের মাছের বাজারও চড়া রয়েছে।
একই চিত্র দেখা গেছে পোল্ট্রি বাজারে। ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত থাকলেও তা স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরেই রয়েছে। বাজারে ক্রেতা না থাকায় খুচরা বিক্রেতারা আগের তুলনায় অর্ধেক পরিমাণ ব্রয়লার মুরগি দোকানে তুলছেন।
এদিকে বেসরকারি গবেষণা সংস্থার তথ্যমতে, অব্যাহত উচ্চ খাদ্য মূল্যস্ফীতি এবং আয় বৃদ্ধি না পাওয়ার কারণে নিম্ন আয়ের পরিবারগুলোকে তাদের মোট উপার্জনের প্রায় ৫৫ শতাংশই শুধু খাবারের পেছনে ব্যয় করতে হচ্ছে।