শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:১৩,২০ অক্টোবর ২০২৬
.
সৌদি আরবের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে রায়টির কপি চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রায়ের কপি হাতে পেলে ঢাকা বিষয়টি পর্যালোচনা করবে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে পারবে। পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে এবং এখন জেদ্দায় বাংলাদেশ মিশনের উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন প্রবাসীর মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে ফেসবুকে ছড়ানো ভুল তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।
শামা ওবায়েদ উল্লেখ করেন, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দি বাংলাদেশিদের নাম ও পরিচয়সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠায়। ওই দুই ব্যক্তির নাম সেই তালিকায় আছে কি না, তা যাচাই করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট পরিবারগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে তিনি জানান।
সৌদি আরবের প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসী কর্মী ও রেমিট্যান্স প্রবাহের দিক থেকে সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।