শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:১৮,১৯ অক্টোবর ২০২৬
.
রাজধানীর গেন্ডরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, গত ১২ ফেব্রুয়ারি শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় নিজের অবস্থানের ব্যাখ্যা দিতেই তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
পদত্যাগের কারণ হিসেবে ইশরাক হোসেন জানান, তার সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী কিংবা দল যেন কোনোভাবে বিব্রত না হয়, সে জন্যই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে নিজের এই ইচ্ছার কথা জানান।
মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের বিষয়ে তিনি স্পষ্ট করেন, নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন। কিন্তু সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা মাদক নির্মূলের মূল উদ্দেশ্যকে ধামাচাপা দিয়েছে। এর ফলে তিনি ব্যক্তিগতভাবে এবং তার দল বিব্রত হয়েছে।
ইশরাক হোসেন আরও জানান, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তার এলাকার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় জাতীয় গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন।