শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:২৩,১৬ অক্টোবর ২০২৬
.
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয় নিয়ে লেখালেখি করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। ছয় বছর আগে তিনি তেলনজিয়া গ্রামে বিয়ে করেন। তাঁর চার বছর বয়সী এক মেয়ে ও দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারে চা খেয়ে দোকান থেকে বের হচ্ছিলেন। এ সময় দুই যুবক তাঁর ওপর পরপর কয়েকটি গুলি ছোড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে কিছুটা দূরে রাখা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী চা-দোকানি রবিন রাংছা জানান, লুৎফুজ্জামান দোকান থেকে বের হওয়ার সময় দুই যুবক এসে সিগারেট চায়। এরপরই তারা লুৎফুজ্জামানকে লক্ষ্য করে গুলি চালায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের কোপে গুরুতর জখম হয়েছিলেন লুৎফুজ্জামান। সে সময় তাঁর এক সহকর্মীকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করেছিল হামলাকারীরা।