শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:০৯,২০ সেপ্টেম্বর ২০২৬
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
বুকফাটা আর্তনাদ আর স্বজন-প্রতিবেশীদের অশ্রুজলে চিরনিদ্রায় শায়িত হয়েছে ১৩ বছরের নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সবাই তার জীবিত ফেরার অপেক্ষায় থাকলেও, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা কোটবাড়ির গন্ধমতি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পাশের গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অপ্রতিমের পরিবার ও স্থানীয়রা এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা যেকোনো মূল্যে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মায়ের একটি আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও ঘরে না ফেরায় তার মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগম, সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যেই তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে। আটক তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে। আইফোনটি তুহিনের কাছে থাকার বিষয়টি স্বীকার করে তার মা জানান, তারাও এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে ব্যথিত এবং অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চান। ঘটনাটির সার্বিক তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।