শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩

ডিম-মুরগি ও মাছের দামে নেই স্বস্তি, বাজারে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের

প্রকাশ:১৩:১৩,১৮ সেপ্টেম্বর ২০২৬

ডিম-মুরগি ও মাছের দামে নেই স্বস্তি, বাজারে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের

ডিম-মুরগির দাম কমেনি, সবজি-মাছের দামেও নেই স্বস্তি

মাস দেড়েক ধরে লাগামহীন পোল্ট্রি খাত। স্বল্প আয়ের মানুষের পুষ্টির প্রধান উৎস ডিম ও মুরগির বাজার এখনো ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর বিভিন্ন বাজারে লাল ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির ডিমের সরবরাহ বাড়লেও ডজনপ্রতি গুনতে হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগি ও হাঁসের ডিমের দাম আগেই চলে গেছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ডিমের উৎপাদন কমে গেছে। পাশাপাশি টানা লোকসানের মুখে অনেক ছোট খামারি ব্যবসা গুটিয়ে নেওয়ায় সরবরাহে বড় ঘাটতি দেখা দিয়েছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে মুরগির দামেও কোনো স্বস্তি মেলেনি। রাজধানীর কারওয়ান বাজারে আজ শুক্রবার ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হলেও অন্যান্য খুচরা বাজারে তা ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সোনালী মুরগির দামও চড়া ও অপরিবর্তিত রয়েছে। পোল্ট্রি পণ্যের এই উর্ধ্বগতির জন্য খামারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকা (লোডশেডিং) এবং পশুখাদ্যের (ফিড) বাড়তি দামকে দায়ী করছেন বিক্রেতারা।

অন্যদিকে, নিত্যপণ্যের বাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সবজির দামে। লাউ, পেঁপে, শসা ও কাঁকরোলের দাম কিছুটা সহনীয় হলেও শিম, গোল বেগুন ও টমেটোর মতো সবজি এখনো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। তবে শীতের মৌসুম যত এগিয়ে আসবে, সরবরাহের সাথে দামও তত কমবে বলে আশাবাদ বিক্রেতাদের।

মাছের বাজারেও নেই ইতিবাচক পরিবর্তনের আভাস। স্থানীয় আড়তগুলোতে মাছের দর কিছুটা পড়লেও রাজধানীর খুচরা বাজারগুলোতে দাম চড়াই রয়ে গেছে। বিশেষ করে নদ-নদীর মাছের সরবরাহ বৃদ্ধি সত্ত্বেও কাঙ্ক্ষিত দাম কমেনি। একই অবস্থা দেখা গেছে ইলিশের বাজারেও; সরবরাহ বাড়লেও তা ক্রেতাদের পকেটে স্বস্তি দিতে পারছে না। তবে বাজারজুড়ে ভারতীয় ইলিশের উপস্থিতি বাড়ায় তুলনামূলক কম দামে তা পাওয়া গেলেও দেশি ইলিশের স্বাদ ও চাহিদা পূরণ হচ্ছে না বলে জানান ক্রেতারা।

নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, বাজার তদারকি ব্যবস্থা ঢেলে সাজিয়ে আধুনিক করা জরুরি। পণ্য উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ ও তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন