শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ইরানকে চীন ও রাশিয়া সহায়তা করছে না বলে বিশ্বাস ট্রাম্পের

প্রকাশ:১৩:১৬,১৩ অক্টোবর ২০২৬

ইরানকে চীন ও রাশিয়া সহায়তা করছে না বলে বিশ্বাস ট্রাম্পের

.

রাশিয়া ও চীন ইরানকে কোনো ধরনের সহায়তা করছে না বলে বিশ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সহযোগিতা করলে মস্কো ও বেইজিংয়ের হারানোর ঝুঁকি অনেক বেশি বলে মনে করেন তিনি।

সোমবার রাতে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। পোস্টে তিনি লেখেন, তার সমালোচকরা চীন ও রাশিয়া কর্তৃক ইরানকে সহায়তার দাবি করছেন। সাহায্য করা হলেও তা খুবই সীমিত পর্যায়ে বলে তিনি মনে করেন। তিনি জানান, চীন বা রাশিয়া যদি এমন কিছু করে থাকে, তবে তা যুক্তরাষ্ট্র খুব দ্রুতই জেনে যাবে।

এর আগে গত জুলাইয়েও ইরান যুদ্ধে তেহরানকে সহায়তা না করার ব্যাপারে চীন ও রাশিয়ার ওপর আস্থার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি খুব খারাপ হবে বলেও তিনি সতর্ক করেছিলেন। যুদ্ধকালে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের তিনি নিরপেক্ষ হিসেবে বর্ণনা করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত হয়। এর জবাবে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। এ যুদ্ধে এবং লেবাননে ইসরায়েলি অভিযানে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চীন ও রাশিয়ার সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্কতা দিয়েছে রাশিয়া। অন্যদিকে, ইরানে মার্কিন হামলাকে দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে চীন।

গত মাসে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প তাকে ইরানকে সহায়তা না করার অনুরোধ জানান। এতে বেইজিং ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

তবে চীন থেকে ইরানের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি চীনের সহায়তায় ইরান তেল বিক্রির মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে বলেও খবর প্রকাশ পেয়েছে।

গত সেপ্টেম্বরে একটি স্যাটেলাইট চিত্র সংক্রান্ত প্রতিবেদনও খারিজ করেন ট্রাম্প। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জুলাইয়ে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার আগে চীনা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন