শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

জাপানে ৪২ লাখ ৮০ হাজার বিদেশি

প্রকাশ:১২:০৬,১৮ অক্টোবর ২০২৬

জাপানে ৪২ লাখ ৮০ হাজার বিদেশি

.

জনসংখ্যা হ্রাস এবং তীব্র কর্মীসংকটের কারণে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড চূড়ায় পৌঁছেছে। চলতি বছরের জুন মাসের শেষ নাগাদ দেশটিতে স্বল্পমেয়াদি পর্যটক ছাড়া বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে ৪২ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির অভিবাসন পরিষেবা সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত বছরের শেষ সময়ের তুলনায় জাপানে বিদেশির সংখ্যা ১ লাখ ৫৬ হাজার বেড়েছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশই বিদেশি নাগরিক। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার কমতে থাকায় জাপানের বিভিন্ন খাতে দেখা দিয়েছে তীব্র শ্রমিক ঘাটতি। এই পরিস্থিতিতে বিদেশি কর্মীদের ওপর দেশটির নির্ভরতা ক্রমেই বাড়ছে।

অভিবাসন বিশেষজ্ঞ তোশিহিরো মেনজু জানান, উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী থেকে শুরু করে সেবা খাত, সব জায়গাতেই শ্রমিক সংকট রয়েছে। জাপানে প্রতিবছর জনসংখ্যা ৯ লাখের বেশি কমছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট কিংবা নারী ও বয়স্কদের দিয়ে এই ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। ফলে সরকার বিদেশিদের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। শ্রমিক চাহিদার এই ধারা বজায় থাকলে ২০৪০-এর দশকে দেশটিতে বিদেশির সংখ্যা ১ কোটিতে পৌঁছাতে পারে বলে তিনি অনুমান করছেন।

তবে কর্মীর চাহিদা বাড়লেও জাপানে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার বিদেশিদের জন্য নানা নিয়ম কঠোর করছে। চলতি মাসে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে পরিবর্তন এনে উচ্চ বার্ষিক আয় ও জাপানি ভাষায় উন্নত দক্ষতার শর্ত যুক্ত করা হয়েছে। এছাড়া 'সানসেইতো' নামের একটি রাজনৈতিক দল অভিবাসনের বিরোধিতা করে রাজনীতিতে প্রভাব বিস্তার করছে এবং সামাজিক মাধ্যমেও বিদেশিদের নিয়ে নানা নেতিবাচক দাবি ছড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞ মেনজু সতর্ক করে বলেন, ভিসা ও স্থায়ী বসবাসের নিয়ম কঠিন করা হলে বিদেশিরা জাপানে দীর্ঘমেয়াদে থাকার আগ্রহ হারাতে পারেন। পাশাপাশি জাপানি মুদ্রা ইয়েনের দুর্বল বিনিময়মূল্য এবং তুলনামূলক কম বেতনও বিদেশি কর্মীদের আসার ক্ষেত্রে বাধা তৈরি করছে। এরই মধ্যে গত বছরের তুলনায় এ বছর বিদেশি বৃদ্ধির গতি কিছুটা কমে এসেছে।

অন্যদিকে, ভিসা বাতিল বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করা বিদেশির সংখ্যা জাপানে কমেছে। দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ জুলাই পর্যন্ত অবৈধ অবস্থানকারীর সংখ্যা ছিল প্রায় ৬৫ হাজার, যা বছরের শুরুর তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ কম।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন