শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৩৬,২১ অক্টোবর ২০২৬
.
ইউক্রেনের সামরিক বাহিনী ব্যবহৃত বিশেষ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানানো হয়েছে। স্পেসএক্সের এই সিদ্ধান্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেও এটি বিভ্রান্তির সৃষ্টি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে স্টারলিংক নেটওয়ার্কে ইউক্রেনীয় সামরিক সরঞ্জামের সংযোগের গতি সীমিত করে দেওয়া হয়। এর ফলে ইউক্রেনের আক্রমণাত্মক ড্রোন এবং রাশিয়ার ড্রোন ধ্বংসে ব্যবহৃত ইন্টারসেপ্টর ড্রোনের পরিচালন কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
সম্প্রতি রাশিয়ার ডিজেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক। ট্রাম্প বৈশ্বিক বাজারে জ্বালানির উচ্চমূল্যের জন্য ইউক্রেনের এই হামলাগুলোকে দায়ী করেছেন। এই পটভূমিতেই স্টারলিংক সংযোগ সীমিত করার পদক্ষেপটি নেওয়া হলো।
এদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইলন মাস্কের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা চলছে বলে জানা গেছে। তবে স্টারলিংক ব্যবহারে বিধিনিষেধ বা গতি কমানোর নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প।