শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২০:২১,১৭ অক্টোবর ২০২৬
.
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে গত ৮৩ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার রাতে শুরু হওয়া টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় আন্ডারপাস, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
বন্যার পানিতে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পানির তোড়ে বহু গাড়ি ভেসে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। উদ্ভূত পরিস্থিতিতে আটকা পড়া ৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় জমায়েত পানিতে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছর বয়সী এক কিশোর মারা গেছে। সারিয়ের এলাকায় পিচ্ছিল ফুটপাতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। এছাড়া কাঘিতহানে এলাকার একটি পার্কের পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী সাকারিয়া প্রদেশে একটি বাড়ি ধসে পড়েছে এবং কোকেলি প্রদেশে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম এই বিপর্যয়কে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৃষ্টিপাতের স্বাভাবিক চক্র পরিবর্তিত হচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার পর্যন্ত ইস্তাম্বুলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরের বাইরে না বের হতে অনুরোধ জানানো হয়েছে। মোটরসাইকেল চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বেশ কিছু সরকারি কর্মচারীকে ছুটিতে পাঠিয়েছে প্রশাসন।