শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

প্রকাশ:১৩:৩৭,২৪ অক্টোবর ২০২৬

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

.

জর্ডানের মধ্যাঞ্চলীয় কারাক গভর্নরেটের হামুদ এলাকায় একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর) একটি গাড়িতে করে গিয়ে হামলাকারীরা গির্জার ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া জানান, হামলাকারীরা চরমপন্থী গোষ্ঠীর সদস্য। ঘটনাটিকে বেদনাদায়ক ও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

একটি সিসিটিভি ফুটেজে তিন বন্দুকধারীকে আগ্নেয়াস্ত্র হাতে গির্জার দিকে এগোতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গির্জা থেকে বের হয়ে একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান বাস করেন। দেশটিতে এ ধরনের প্রাণঘাতী হামলা বিরল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

এ সম্পর্কিত খবর

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন