শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রয়েছে: ট্রাম্প

প্রকাশ:১৩:১৩,১৪ অক্টোবর ২০২৬

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রয়েছে: ট্রাম্প

.

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কিয়েভ ও মস্কো উভয় পক্ষের সঙ্গেই কাজ করছে এবং ইউক্রেনকে সহায়তা হিসেবে গোয়েন্দা তথ্য দিয়ে যাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সহায়তার বার্তার মধ্যেই কিয়েভে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, মঙ্গলবার রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের একটি তাপবিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, একটি বহুতল আবাসিক ভবনে এই হামলায় দুজন নিহত হয়েছেন।

জেলেনস্কি অভিযোগ করেন, এবার রাশিয়ার হামলার আগে পশ্চিমা অংশীদারদের কাছ থেকে তারা কোনো সতর্কবার্তা পাননি। তবে কী কারণে আগাম বার্তা পাওয়া যায়নি, তা তিনি স্পষ্ট করেননি। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাতে তিনি আরও জানান, রাশিয়া আরও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। জেলেনস্কির মতে, কিয়েভের ওপর সাম্প্রতিক হামলা প্রমাণ করে যে রাশিয়া এই যুদ্ধবিরতি মানছে না। যদিও যুদ্ধবিরতির বিষয়টি রাশিয়া বা ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

এদিকে, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার ডিজেল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছেন। একইসঙ্গে তিনি ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালাতে চাপ দিয়ে আসছেন। রাশিয়ার রফতানি করা ডিজেলের অর্থ দিয়ে অতিরিক্ত সামরিক অস্ত্র কেনা হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প তা এড়িয়ে গিয়ে বলেন, এটি বিশ্ববাজারের সরবরাহের জন্য করা হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য নয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন