শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:২২,২৬ অক্টোবর ২০২৬
.
মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মিশিগানের পোর্ট হুরনে রিপাবলিকান প্রার্থীদের প্রচারে অংশ নিয়েছেন জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ। রোববার আয়োজিত ওই সমাবেশে তাকে মঞ্চে আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নিকি মিনাজ নিজেকে ট্রাম্পের নাম্বার ওয়ান ফ্যান বলে উল্লেখ করেন। তিনি বলেন, ট্রাম্প দেশের পরিবেশ বদলে দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের মানুষকে সামনে এগিয়ে যাওয়ার একটি ভবিষ্যৎ দেখিয়েছেন। ট্রাম্পের প্রথম মেয়াদের কিছু নীতির সমালোচনা করলেও এবার রিপাবলিকানদের পক্ষে প্রকাশ্য সমর্থন জানালেন এই র্যাপার। সোনালি রঙের গুচি ব্র্যান্ডের পোশাক পরে সমাবেশে উপস্থিত হয়ে তিনি ট্রাম্প ও মিশিগানের রিপাবলিকান প্রার্থীদের পক্ষে স্লোগানে নেতৃত্ব দেন।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল-এল সাঈদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রোববারের সমাবেশে ট্রাম্প প্রতিপক্ষ প্রার্থী আবদুল-এল সাঈদের মুসলিম ধর্মবিশ্বাস ও পারিবারিক পটভূমি নিয়ে মন্তব্য করেন। এর আগে সাঈদ এই ধরনের মন্তব্যকে ইসলামবিদ্বেষী বলে অভিহিত করে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসেবার খরচে মানুষের ভোগান্তির বিষয়টি থেকে মনোযোগ সরাতেই এসব বলা হচ্ছে।
মিশিগানে যাওয়ার পথে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও ট্রাম্পের সঙ্গে ছিলেন নিকি মিনাজ। সেখানে প্রেসিডেন্টের এক সহযোগীর সঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে চাকরির সাক্ষাৎকার দেওয়ার ভান করে একটি ভিডিও তৈরি করেন তিনি, যা পরে এক্সে প্রকাশ করা হয়। ত্রিনিদাদ ও টোবাগোতে জন্ম নেওয়া এই র্যাপার এর আগেও নাইজেরিয়ায় খ্রিষ্টান নির্যাতন এবং গোল্ড কার্ড ভিসা কর্মসূচি নিয়ে ট্রাম্পের বিভিন্ন অবস্থানের পক্ষে কথা বলেছেন।