সোমবার ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:১৬,২ নভেম্বর ২০২৬
.
টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ খান আজ বিশ্বের অন্যতম ধনী অভিনয়শিল্পীদের একজন। হুরুন ইন্ডিয়ার ২০২৬ সালের হিসাব অনুসারে, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি বা ১৩ হাজার ৬০০ কোটি টাকা। সাধারণ এক পরিবার থেকে উঠে এসে বিনোদনশিল্প, প্রযোজনা, ভিএফএক্স ও ক্রিকেটে সফল বিনিয়োগের মাধ্যমে এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন বলিউডের এই বাদশাহ।
১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ। তাঁর বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন ব্যবসায়ী ও সমাজকর্মী এবং মা লতিফ ফাতিমা ছিলেন ম্যাজিস্ট্রেট। দিল্লির সেন্ট কলম্বাস স্কুল ও হংসরাজ কলেজ থেকে পড়াশোনা শেষে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা শুরু করলেও অভিনয়ের টানে তা অসম্পূর্ণ রেখেই থিয়েটার ও টেলিভিশনে মনোযোগ দেন। ১৯৯১ সালে মুম্বাইয়ে পাড়ি জমানোর পর ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত 'দিওয়ানা' সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচিতি লাভ করেন তিনি।
শাহরুখের সম্পদ অর্জনের প্রধান ভিত্তি ছিল অভিনয়। নব্বইয়ের দশকে 'বাজিগর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেন। তবে শুধু নির্দিষ্ট পারিশ্রমিকের ওপর নির্ভর না করে পরবর্তীতে তিনি ছবির লাভের অংশীদার হওয়ার কৌশল গ্রহণ করেন, যা 'পাঠান' ও 'জওয়ান'-এর মতো ব্যবসাসফল ছবির ক্ষেত্রে তাঁর আয় আরও বাড়িয়ে দেয়।
ব্যবসার জগতে শাহরুখের পথচলা অবশ্য শুরুতেই সহজ ছিল না। ১৯৯৯ সালে অভিনেত্রী জুহি চাওলা ও পরিচালক আজিজ মির্জার সঙ্গে যৌথভাবে 'ড্রিমজ আনলিমিটেড' প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুললেও তাদের প্রথম ছবি 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি' এবং পরবর্তী ছবি 'অশোকা' বক্স অফিসে সফল হয়নি। তবে এই ধাক্কা কাটিয়ে ২০০২ সালে স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'। 'ম্যায় হু না', 'চেন্নাই এক্সপ্রেস' ও 'রইস'-এর মতো ছবি প্রযোজনার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি চলচ্চিত্রের স্বত্ব, ডিজিটাল কনটেন্ট ও পোস্ট-প্রোডাকশনের কাজেও নিজেদের বিস্তার ঘটায়।
এছাড়া চলচ্চিত্র প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করে তিনি 'রেড চিলিজ ভিএফএক্স' প্রতিষ্ঠা করেন, যা 'রা.ওয়ান' ও 'ফ্যান'-এর মতো চলচ্চিত্রে ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করার পাশাপাশি অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাজও করে থাকে। চলচ্চিত্রের বাইরে ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের আগেই জুহি চাওলা ও জয় মেহতার সঙ্গে মিলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের মালিকানায় যুক্ত হন, যা তাঁর ব্যবসায়িক সাফল্যের পরিধিকে আরও প্রসারিত করেছে।